ক বি ভা র তী ব ন্দ্যো পা ধ্যা য়
ভারতী বন্দ্যোপাধ্যায়
জন্ম:-১৯৫১।বি এস সি অনার্স লেডি ব্রেবোর্ন কলেজ, এম এ (বাংলা) যাদবপুর বিশ্ববিদ্যালয়, পিএইচডি, যাদবপুর বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত কাব্যগ্রন্থ:- একমুঠো আলোর পৃথিবী,কেয়ার গন্ধে মেঘের মুখ, নিজস্ব গহীন পথে।গল্পগ্রন্থ:- অন্তর তদন্ত।প্রবন্ধ গ্রন্থ:-সংহতির সন্ধানে রবীন্দ্রনাথ( মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কারপ্রাপ্ত)।সম্মাননা:-মেটেফুল সাহিত্যের বর্ষসেরা সম্মানান, বিশ্বভারতী গ্রামীণ কবি সম্মেলন সম্মানন,হলদিয়া কবিতা উৎসব সম্মাননা, টাঙ্গাইল কবিতা উৎসব কবি সম্মাননা।সম্পাদিত পত্রিকা "অঞ্জস "।
দুটি কবিতায়
বসন্তবাবার
তুমি এলে
আমার মধ্যে এক কিশোরী আমি
পঞ্চাশ বছরের অর্ধজীর্ণ শরীরে
ঝুঁকে প'ড়ে সতেরো বছরের কৈশোর
তারপর অকারণ বকম বকম
ঘর, ছাদ, বারান্দা, বাগান
সাদা ভাতের হাড়ি সরিয়ে রেখে
বিরিয়ানি রান্না করতে বসে যাই
পোষা কাকাতুয়ার ডেকে ওঠে
কে এলো, কে এলো, ।
তুমি চলে গেলে
অসূর্যস্পশ্যা মনের পরতে
সূর্যালোক ঝলসে ওঠে
সেখানে আমরণ বসে থাকে
ভ্রান্তিহীন এক নিঃসঙ্গ প্রেম ।।
আহুতি
একে একে নিভে যাচ্ছে সব
প্রেম মোহ ঈর্ষা ভালোবাসা
বাগানের এক কোনে
বারো বছরের বিরহি ক্যাকটাস
ফুটে উঠছে এখন
বুকের ভিতরের গনগনে আগুনে
আত্মাহুতি দেবার জন্য ঝাঁপিয়ে পড়েছে
শৈশব-কৈশোর-যৌবন থেকে ধার করে আনা
কয়েক হাজার কীটপতঙ্গ,
এহেন সময়ে আমরাও একা হই
হেটে যাই একসাথে
সবাইকে ডেকে বলি
" আর হিংসা নয়
ভালো হও ভালো থেকো"
ভালো থেকো নিজস্ব জলে হাওয়ায়
আর পারস্পরিক বিশ্বাস এর আশায়।।


Comments
Post a Comment