ক বি মু হ ম্ম দ ম তি উ ল্লা হ



মুহম্মদ মতিউল্লাহ্

জন্ম:- ৯ জুলাই, ১৯৬৭।অলোকরঞ্জন দাশগুপ্তের বিশেষ স্নেহধন্য।বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেএম এ, এমফিল, ডক্টরেট।নব্বইয়ের দশকের কবি ও প্রাবন্ধিক।প্রকাশিত কাব্যগ্রন্থ:- অন্নজলে ভালোবাসায়; শোনো জন্মান্ধ যুবক; আপাতত হোস্টেলে আছি; ও পলাশ,ও করবী;ঈশ্বরের পত্রাবলী ঘিরে নম্র ধূসরতা; হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ; নির্বাচিত কবিতা; নৈশপ্রহরীদের খেলাধুলা প্রভৃতি।প্রবন্ধওসম্পাদিত গ্রন্থ নয়টি।সম্পাদনা করেছেন 'বুদ্ধদেব বসুর পত্রগুচ্ছ',  'অগ্রন্থিত রবীন্দ্র পত্রাবলী।সাহিত্য পুরস্কার:-তুষার চট্টোপাধ্যায় সম্মান,কবিতা পাক্ষিক সম্মাননা,ইসক্রা সাহিত্য সম্মাননা,বার্ণিক সাহিত্য সম্মান ইত্যাদি।ইংরেজি ও নানা ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর প্রবন্ধ ও কবিতা।

দুটি কবিতায়
কবি মুহম্মদ মতিউল্লাহ্

ইফতার 

                

বাবা বসে আছেন তাঁর পড়ার ঘরে মেঝেতে। চারিদিকে ছড়ানো-ছিটানো বইপত্র 

মুখ নিচু করে বসে আছেন–রেহেলে খোলা আছে কোরআন শরিফ।


রোজার সন্ধ্যা নেমে আসবে আর কিছুক্ষণ পর

খোলা জানালা থেকে দেখা যায় অস্পষ্ট বোগেনভিলিয়া…

দিনান্তে যে পাখি সন্ধ্যার আশ্রয়ে ফিরবে 

এখনো তারা আকাশে ওড়াওড়ি করছে 

কেবল একটি দুটি নিঃসঙ্গ কাকের ঘরে ফেরা..


সূর্যাস্তের শেষ আলোয় ঘর উঠোন শান্ত হয়ে আছে অদৃশ্য ফেরেশতার অলৌকিক হাত পৃথিবীকে প্রদক্ষিণ করে

সারাদিনের নিরম্বু ব্রতপালন রোজা 

বাবার মোনাজাতে দুলে উঠছে সূর্যাস্তের দিগন্তরেখায়..


             বাবা কতদিন নেই।


দশ পয়সার লাল আইসক্রিম

           

দশ পয়সার লাল আইসক্রিম তোমাকে হারিয়ে ফেলেছি


নদীপাশ দিয়ে দীর্ঘ এক বাঁধ শেষপর্যন্ত একটি বাঁকের কাছে কিভাবে হারিয়ে গেল ছেলেবেলা টের পায়নি।

শুধু হারিয়ে যাওয়ার  দুঃখ আকাশ মেঘলা করে 

নেমে আসছে…

তারা দলবেঁধে লাল আইসক্রিম খেতে খেতে হারিয়ে গেল

আমি তাদের অনেক খুঁজেছি

দরজার পর দরজা খুলে দেখি, কেউ কোত্থাও নেই

টানা একটি বারান্দা রোদে ধূ ধূ করছে ..কেউ কোত্থাও নেই।


লাল আইসক্রিম সেই যে হাত পিছলে পড়ে গেল –

সে কেবল পড়তেই থাকে.. পড়তেই থাকে.. একতলা দোতলা  তারপর আরও অনেক উঁচু থেকে হাত পিছলে পড়ে  যাচ্ছে…এত এত দিন ধরে সে কোথাও থামতে পারছেনা।

বিকেলবেলার আকাশ তারপর জল আইসক্রিমের মতো

রাঙা হয়ে উঠল ।

সেই বালক কান খাড়া করে ছিল সবকিছু শুনবে বলে

 

নিখোঁজ একটি রাস্তা কতকাল ধরে

নদীপাশ দিয়ে একটি বাঁকে কেবলই হারিয়ে গেল


বালক  ফিরে যাচ্ছে  তার মায়ের কাছে….

Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল