ক বি প্র বী র ম ন্ড ল


প্রবীর মন্ডল

জন্ম:-সাতজেলিয়া দ্বীপের সবুজের জঙ্গল ও নদিঘেরা পরশমণি গ্রাম ।১৯৯৬ সাল থেকে তাঁর কবিতা প্রকাশিত হয় কিছু কিছু পত্রিকায়।এরপর ২০০০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যপুস্তিকা 'মা আমার মা '। ২০০১ সালে 'কিউমুলো নিম্বাস', ২০০৭-এ ' আগুনের পরশমণি'। তারপর 'আহা ভাত প্রিয় ভাত' 'চতুর্দশপদী ' , ' বাৎসল্য ', ' চন্দনের বনে ' ' বিরহলিপি ' ' বিষাদলিপি ' , ' মৃত্যু নিয়ে ছেলে খেলা ' ,  এবং ২০২০ সালে প্রকাশিত হয় ' আমার নির্বাচিত কবিতা '।

উপন্যাস : জলে - জঙ্গলে।কর্ণধার : রূপকথা প্রকাশন সম্পাদক : রূপকথা পত্রিকা,সহ সম্পাদক:-মাসিক 'উৎসব' পত্রিকা।ভালোবাসা:কবিতা আবৃত্তি ও প্রফেশনালি অনুষ্ঠান সঞ্চালনা।

দুটি কবিতায়
কবি প্রবীর মন্ডল

ভালোবাসা হুইস্পার


তোমাকে দেখেছি কবে মনেও পড়ে না

ছুঁয়েছি তোমাকে কবে পড়েও না মনে

আমাদের ভালোবাসা তবু আছে টিকে 

অতীব সংগোপনে হৃদয়ের কোণে।


তুমি হতে প্রজাপতি আর আমি ফুল

যেই তুমি উড়ে যেতে কাঁদিয়া আকুল

আর কী আকুল হই , হই না তো আর

ভালোবাসা প্রজাপতি রঙের বাহার।


রঙের বাহার দেখি প্রজাপতি দেখি

ভালোবাসা আজকাল যেন বড় ফাঁকি

ফনাফুনি প্রেম আর বিষাক্ত ছোবল

ভালোবাসা গায় নিজে বলো হরিবোল।


তবু বলি ভালোবাসা ঠিক বেঁচে থাকে

রাত্রি গভীর হলেই ফিসফিস ডাকে ...


উল্লাসের জয় জয়ের উল্লাস


উপাচার্যকে ঘিরে কী উল্লাস ওদের 

কতো আনন্দ পেয়েছে ছেলেগুলো 

এমন আনন্দ এর আগে কখনও পাইনি।

রকে বসেও পাইনি এমন আনন্দ।

ইভটিজিং করেও না।

মদ্যপ হয়েও না।

উপাচার্যকে শাসানো 

সে কি কম আনন্দের কথা!


ওই যে আগুনে ধীরে ধীরে 

বগটুইয়ে পুড়ে গেলো মানুষগুলো 

তখনও দেখেছি উল্লাস আর উল্লাস

আনিসকে ঘিরেও ...


উল্লাসের রাজত্ব 

ক্ষমতার উল্লাস

রাজত্বের উল্লাস


চারিদিকে উল্লাসের খেলা


উল্লাসের আনন্দে ফেটে পড়ছি আমরা

আমরা ফেটে পড়ছি উল্লাসের আনন্দে


Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল