ক বি সা ধ ন চ ন্দ্র
সাধন চন্দ্র
জন্ম:-৫ এপ্রিল ১৯৬৪, কলকাতায় । পৈতৃক নিবাস ছিল বাঁকুড়া জেলার সোনামুখীতে । পেশায় শিক্ষক। 'অথ পথ' সাহিত্যপত্রের সম্পাদক ।
অনন্ত নিমের বীজ একদিন চাইবে নিশ্চিত
ছুঁচের ভেতর দিয়ে ফোঁটা ফোঁটা ঢুকছে শরীরে
আজান অথবা ওম নাকি বুদ্ধং শরণং গচ্ছামি কিংবা ক্যারলের সুর লেগে আছে তাতে
সে-বিষয়ে শায়িত গ্রহীতা কিংবা পরিজন
কারও কোনও প্রশ্ন নেই
কোনও প্রশ্ন থাকে না কখনও
গাঢ় লাল আগন্তুক বিন্দুদের অপেক্ষায়
প্রতিটি শরীরী কোষ ব্যগ্রতা-কাতর
ক্রমশ ছড়িয়ে পড়ে তারা
প্রাণস্পন্দে ফিরে আসে উজ্জীবন নেপথ্যের ঋণে
একটু একটু করে শায়িত শরীর
ক্রমশ উঠে দাঁড়ায় নব্বই ডিগ্রিতে
অসতর্ক ইরেজার তবু প্রায়শই মুছে ফেলে এই ঋণবোধ
আপন-হনন মাখা নিলাজ দুহাতে
বীভৎস হাসিতে
জয়চিহ্ন এঁকে যায় বিমূঢ় বাতাসে
তবু কিছু শুদ্ধসত্ত্ব প্রাণ
অনন্ত নিমের বীজ হাতে নিয়ে থাকে অপেক্ষায়
একদিন সুচেতনা পেয়ে বলবে নিশ্চিত
কই দাও অনন্ত নিমের বীজ দাও
লজ্জায় আগুনচান সেরে বীজতলা বানিয়েছি দ্যাখো
এখন ভেতর-চোখ ঋতপথে পেয়েছে প্রত্যয়
দাও দাও অনন্ত নিমের বীজ দাও
আসিস শিক্ষক পদে স্নেহময় নির্মমতা নিয়ে
শ্রাবণ-উঠোন ভরে টইটম্বুর এই বুঝি উঠে আসে ঘরে
অলঙ্ঘ্য নির্মমতায় সাম্যবাদী এই সর্বনাশ
দম্ভের প্যারডি লিখে যাচ্ছে আজ
আঁটোসাটো নিরাপত্তা বেহুলা-বাসর
ভেঙে ভেসে স্বজন-বিচ্ছেদে
সবাই একশা
তাঁহাদের সমস্ত অবজ্ঞা আজ
আপশোসে দাহপত্রে করছে স্বাক্ষর
সাম্যপাঠে প্রভুশ্রেণি
প্রায়শ্চিত্তে পা রাখছে দ্বিজতার আগুন-চৌকাঠে
আয় বান মাঝে মধ্যে এরকমই আসিস শিক্ষক পদে
স্নেহময় নির্মমতা নিয়ে


Comments
Post a Comment