ক বি সু স্না ত জা না


 সুস্নাত জানা

কবি ও প্রাবন্ধিক।প্রকাশিত কাব্য, উপন্যাস, প্রবন্ধ গ্ৰন্থের সংখ্যা - ৩৬ টি। সম্পাদিত পত্রিকা "সূর্যদেশ"। মেদিনীপুর কলেজ ও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক। একাধিক সমাজ সংগঠনের সঙ্গে যুক্ত।


দুটি কবিতায়

কবি সুস্নাত জানা












অসমান


একবার অঙ্কের ক্লাসের শেষে ওসমান গনি আমার মুখের কামড়ানো পিয়ারা ছিনিয়ে খেয়েছিল,

কতবার মারামারি করে আমি ওর ফতুয়ার পকেট থেকে আমসত্ত্ব বের করে খেতাম, এখন ওসমান একটি মসজিদের ইমাম।


নুর মহম্মদ আমাদের মধ্যে এত লম্বা ছিল ওকে জড়িয়ে ধরে নুরদা বলে ওর হাঁটুতে পা দিয়ে যেন গাছে উঠতাম-হাসি মুখে ও সইত,

অনেকদিন পর নুরকে দেখলাম,হাড়কাটা গলির মোড়ে

হাড় জিরজিরে শরীরে।


একবার গৌতম আর নুর ভূগোলের স্যারের পড়া মুখস্থ করেনি বলে আমরা ক্লাসের সবাই দাঁড়িয়ে

পড়লাম। একটা তেঁতুল ছড়ি আমদের সবার পিঠে সইল।


এখন এই পড়ন্ত জীবনে গৌতম নুর ওসমান আমি সবাই হলুদ রঙের আকাশ হয়ে গেছি


কোনো গ্রহলোক আমাদের আর এক করতে

পারবেনা।

                 

অপেক্ষায় থাকো মৃত্যু


একটা মৃত্যু এসে ফিরে যায়, অপমান, লজ্জায়-

বুঝেনা এখনো কতো কাজ বাকি আছে।

বুঝবেনা পরিসর বেড়ে গেলে শাখা-প্রশাখায়, বৃক্ষকে

যোগাতে হয় অনেক রসদ, নানা মাত্রায়।

চূড়ান্ত যাওয়ার আগে জেনে যেতে হয়, সবকিছু

সারা হলো কিনা, কর্ম যদি অসমাপ্ত থাকে, তবে

মরণেও সুখ নেই। মৃত্যু তো আশ্চর্য এক উত্তরণে

জীবনকে নিয়ে চলা অপরূপ সঙ্গীতের কাছে;

অমৃতলোকের পথে যাত্রা তাই, মর্ত্যলোকে সব

কৃত্য শেষ করে অন্য এক নক্ষত্রের দেশে

যেতে গিয়ে ভুলে যাওয়া এই পৃথিবীর কর্ম প্রেষনার 

সমস্ত সংলাপ। প্রিয় মৃত্যু, অপেক্ষায় থাকো কিছুকাল।





Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল