ক বি মা ন স ম ন্ড ল


মানস মন্ডল

জন্ম:-০৯ নভেম্বর,১৯৬৪। হলদিয়া, পূর্ব মেদিনীপুর।পড়াশোনা: তথৈবচ 

পেশা: চাকুরিজীবী, হলদিয়া বন্দরের একজন সামান্য আধিকারিক।১৯৮৪ সাল থেকে অনিয়মিতভাবে লেখালেখি। নিজের মতো করে থাকতে অভ্যস্ত এই কবি চেষ্টা করছেন লেখালেখিতে ধারাবাহিক হতে।


দুটি কবিতায়

কবি মানস মন্ডল












উদ্বায়ু যন্ত্রণা


মোমের অধরে জ্বলা হিসেবি আগুনে

হাড়-মজ্জা চুষে খায় পাটোয়ারী শোক,

পল অনুপল মেপে রুদালিরা কাঁদে

অশ্রু ঝরে ব্যথাহীন বাজারী আলোয় !


বকের হলুদ ঠোঁটে মাছের কান্নার 

গন্ধ লেগে থাকে; নাকি ধর্ষিতার, 

সারসের দরবারে রঙিন দ্রবনে

ময়ূরপঙ্খী ভাসায় কান্না-কারবারি !


বিদীর্ণ  ভগাঙ্কুরের উত্থিত লাভায়

ঢেকে যায় আমাদের পোম্পেই নগর,

ধর্ষণের অবয়বে তবু কারা পোঁতে 

নষ্ট-নারী ও প্রেমের শিশু ধারাপাত !


গলে যায় অন্ধকারে শিখাহীন মোম

মেঘের শরীরে আজ উদ্বায়ু যন্ত্রণা !!


বিকট কুসুম


সাঁকো ধরে আসে যায় চাকার বাতাস

ভাব ভেজা ভালবাসা মান অভিমান, 

উড্ডীন সকাল আর ঝুলন্ত বিকেলে

ইতিহাস ভূগোলের নষ্ট লোকগান !


হাড় জিরজিরে নদী বেআব্রু সম্ভ্রমে

ঊষর সোনালী বুকে শীতঘুমে স্থির,

বিদ্যুতের ভ্রুণমূলে বিদীর্ণ প্রণালী 

থইথই বানভাসি তৃষ্ণায় অসাড় !


আকাশের হিমঘরে ঠিকানা বিহীন 

অঙ্কুরিত মেঘদানা প্রসব কাতর,

ভ্রান্ত স্রোতে বেঞ্জামিন ওড়ায় বাতাসে 

রেশমী সুতোর ঘুড়ি জরাজীর্ণ সুখে !


সমাসের সাঁকো ভাঙে চতুর চন্দন 

ধর্ষকের শিশ্ন ঢাকে বিকট কুসুম !!

Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল