ক বি পা প ড়ি গ ঙ্গো পা ধ্যা য়


 পাপড়ি গঙ্গোপাধ্যায়

নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে লেখা প্রকাশিত হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায়। কাব্যগ্রন্থ ছটি।গল্পসংকলন একটি।তৃতীয় কাব্যগ্রন্থ 'এক-দুপুর ভ্রমণ'-এর জন্য কৃত্তিবাস পুরস্কার প্রাপ্তি।


দুটি কবিতায়

কবি পাপড়ি গঙ্গোপাধ্যায়













আহত সিংহিনী


আলস্যে বসেছি আজ জানলার পাশে।


সিংহিনীর নেই কোনো কর্মের বিরতি।

সে তো শুধু পশুরাজকে মানায়।

আহা! কত সুন্দর কেশর!

ঝাঁকায় কেমন।

মাঝেমধ্যে সীমানায় টহল

এলাকা চিহ্নিত করা। বারে বা, কী খাসা!

বার্তা দেওয়া-  বৃদ্ধ নই, ভয় পেয়ো এখনও।


সিংহিনী নীরবে সব শাবককে শেখাবে

শিকার প্রণালী।

সিংহিনীর পরিশ্রমে খাবে  পরিবার।


টিভির বিরাট স্ক্রিনে ফুটে ওঠে জঙ্গল জীবন।

টিভি বন্ধ রেখে

আলস্যে বসেছি আজ জানলার পাশে

আহত সিংহিনী।

                

সীমান্তে ম্যাজিক


দিগন্তে আবহ রাখ, সীমান্তে ম্যাজিক

দেখো, কত সহজেই ফুটতে পারে আকাশ কুসুম।

এ ভার অবহ নয় যতটা ভেবেছ

যতটা কষেছ রোজ আশংকা গণিত।


সে তো তুমি মেঘ নয় ভেবে, বসেছিলে

অনেকটা সময়

কেটে গেছে কাটাকুটি খেলে।

এখন লেগেছে ঘোর তন্দ্রার মত।

এতটা কঠিনে কী পেলে!


অবিমিশ্র সঙ্গীতের জাদু

ঘরে ফিরে গেছে অবজ্ঞায়

তুমিও কী প্রকাশ চেয়েছ?

নাকি শুধু নিতান্তই দায়!

            

           


Comments

Popular posts from this blog

ক বি- শি ল্পী শ্যা ম ল জা না

ক বি সু দী প্ত বি শ্বা স

ক বি রা খ হ রি পাল