ক বি জা হা ঙ্গী র ফি রো জ
জাহাঙ্গীর ফিরোজ
জন্মঃ- ৬ এপ্রিল ১৯৫৫ খ্রিস্টাব্দ টাঙ্গাইল জেলা সদর থানার বীরপুষিয়া নামের একটি গ্রামে।বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দে।পেশাঃ সাংবাদিকতা। কবিতা সমগ্র সহ প্রকাশিত গ্রন্থের সখ্যা ১১।
কাব্যগ্রন্থ:-বদ্ধ মাতাল রোদে ; চাকরিজীবীদের কোন স্পার্টাকাস নেই ; যে ছিল প্রাণের জরুরি ;অনুবিশ্বের মেঘমালা ;ছেঁড়া টুকরো মেঘ ; লালনের পাখি উড়ে যায় ;মৌরি বনের বাতাস ; সাগরের গর্জন থেকে নুন রক্তে আসিল ; সন্ন্যাসীর বাঁশির আগুন ; ধাঁধাময় জগৎ সংসার।
দুটি কবিতায়
কবি জাহাঙ্গীর ফিরোজ
পরম নির্ভরতা
বহুপথ ঘুরে বহু কিছু জেনে
মেনে ও না মেনে দিশেহারা
যখন ফিরেছি নিজ মনে
আপন জিজ্ঞাসা
নিজেকেই করেছি নির্জনে
সে বলেছে, তুমিও কী দেখেছ আমাকে?
এই বলে নিশ্চুপ সে দিয়েছে ডুব।
অতল মনের তলে
যে অনল জ্বলে
সে আগুনে পুড়েছে জঞ্জাল।
জিজ্ঞাসা ঘনীভূত বিশ্বাসে
যাঁকে দেখি নাই তাঁরই কাছে
পরম নির্ভরতায় দাঁড়িয়েছি।
ফুল ফোটে
সেই কবে দেখা হয়েছিল
তারপর মনে মনে
প্রতিমা গড়েছি নির্জনে।
তাঁর সাথে তাঁরই বয়ানে
আমার রচিত গানে
মানঅভিমানে
পুষ্প ফুটিছে শতদলে।
তাঁর সাথে দেখা হবে
হয়তো হবে না দেখা আর
নীল ফুল ফুটে ঝরে যাবে বারবার
পদতলে।
তবু তাঁরই স্মরণে
আমার মনের বনে
আজও ফুল ফোটে নানা বরণে।


Comments
Post a Comment