ক বি অ রূ প পা ন্তি
অরূপ পান্তী
জন্ম:-১৭ ই সেপ্টেম্বর,১৯৫০।
উত্তর ২৪ পরগনা,পশ্চিমবঙ্গে।
সম্পাদিত পত্রিকা 'অঞ্জস'।
প্রকাশিত কাব্যগ্রন্থ:- কুয়াশার শাল, জলমগ্ন রাত্রিকথা, ধ্রুপদী আগুন, প্রেম( ইংরেজি ও বাংলায়), স্বাগত কথন মালা, কেয়ার গন্ধে মেঘের মুখ, বসন্ত কিরিচ, নির্বাচিত কবিতা।এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত কবিতার সংখ্যা প্রায় পনেরোশো।
প্রাপ্ত পুরস্কার:-মেটে ফুল পুরস্কার,প্রো রে নাটা পুরস্কার ইত্যাদি, টাঙ্গাইল কবিতা উৎসবে আমন্ত্রণ।
দুুটি কবিতায়
আয়না
আমি খুঁজছিলাম একটি দামি আয়না
যে আয়না শুধু দেখাবে না বলবেও
আমার ভিতর অক্ষরজ্ঞান, ইচ্ছাগুলি
গড় গড় করে পড়ে যাবে
আবার পাখি হয়ে উড়ে যাবে আকাশে
ফেরার ইচ্ছে হলে ফিরবে নিজস্ব দাঁড়ে
তোমার চিবুকের লাবণ্য ঝরেপড়বে
রাতে ভেসে উঠবে ঘূর্ণিঝড় ঝর্ণার শব্দ
আমার সকল প্রশ্নের উত্তর ভাসবে--
মানুষ কেন এত অসহায়?
মানুষ কেন প্রকৃতি-বিরুদ্ধ কাজ করে?
মানুষ মানুষের কাছে যেতে গিয়ে
কেন এত দূরে চলে যায়?
নেপথ্যে কারা হাসে? ব্যান্ড বাজায়?
আমি নিজেই একটা নিজস্ব আয়না খুঁজছি
যাতে একসাথে সব ছবি দেখা যায়।।
শব্দের সেতার
.
সকল যন্ত্রণা নিয়ে ছিলে এক আগ্নেয়গিরি
তারপর আগুনের নদীতে স্রোত বহমান
আগুন বুকে নিয়ে দীর্ঘ এই পথ
আগুন বুকে নিয়ে আজও পূর্ণিমার চাঁদ
পুড়তে পুড়তে বিশ্বাসী মন, সন্ন্যাস জীবন
মরমী মন বোধের খেলায় অনায়াসে
কঠোর দিনপঞ্জির ভিতর একটি কবি মন
শব্দের ফুলঝুরিতে বাঁচো যেমন তেমন
অতৃপ্ত অভিলাষ যেন এক সন্ধ্যা প্রদীপ
প্রস্তুতিহীন সহজিয়া ভাব ও ভাষায়
যন্ত্রণার কথা বলো, মানুষের কথা বলো
ঝংকৃত হোক শব্দের আবহমান সেতার।।


Comments
Post a Comment